• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পিএম


খলিলপুরে একের পর এক চুরি, এবার বাজারের নিরাপত্তায় পুলিশের বিশেষ উদ্যোগ

আপডেট টাইম: October 26, 2026 9:21 pm



ডেস্ক রিপোর্ট: 

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কোথায়, কীভাবে ঘটছে এসব চুরি, আর কীভাবে নিশ্চিত হবে বাজারের নিরাপত্তা- এমন প্রশ্নের মধ্যেই সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। চুরির ঘটনাগুলো নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয়েছে বিট পুলিশিং সভা। তবে শুধু সভা নয়, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার নজর দেওয়া হচ্ছে নজরদারি ও রাতের পাহারায়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে শেরপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নের লামুয়া ও গোরারাই বাজার এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

বাজার কমিটির সাবেক সভাপতি মো. কনর মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-  মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়দুল্লাহ।

সভায় স্থানীয় ব্যবসায়ীরা খলিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনা তুলে ধরেন। এসব ঘটনায় ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি আলোচনায় উঠে আসে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম -এ চুরির খবর প্রকাশের পর পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাজারের নিরাপত্তা জোরদারে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয়। খলিলপুর ইউনিয়নের বাজারগুলোতে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি চুরি প্রতিরোধে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটির নিজস্ব উদ্যোগে নৈশপ্রহরী বা পাহারাদার নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তার উদ্যোগগুলো কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নিয়মিত নজরদারি, ব্যবসায়ীদের সমন্বয় এবং চুরির ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর। বাজারে ক্যামেরা থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; সেগুলোর নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনে ফুটেজ ব্যবহারের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ফরিদ মিয়া, খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি সাজ্জাদুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আশরাফ মিয়া, সাংবাদিক রিপন মিয়া ও ব্যবসায়ী বেলাল আহমেদ। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চুরির পুনরাবৃত্তি ঠেকাতে এখন মূল চ্যালেঞ্জ হলো গৃহীত উদ্যোগগুলোর বাস্তবায়ন। বিট পুলিশিং সভায় নিরাপত্তা জোরদারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন কতটা ঘটবে বাজারের রাতের পরিবেশে- সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।