

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে চুরি যাওয়া দুটি গরু উদ্ধারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গরু দুটি উদ্ধারের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে গরু চুরির এ ঘটনা ঘটে। গরুর মালিক জরিফ উদ্দিন (৫৯) বাড়ির পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি বেঁধে রেখেছিলেন। কিছুক্ষণ পর সেখানে গিয়ে গরু দুটি আর পাননি তিনি।
পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে একটি হলুদ পিকআপে গরু দুটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পান গরুর মালিক। ওই ফুটেজের সূত্র ধরে পুলিশ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গরু উদ্ধারে অভিযান শুরু করে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ সময় রুবেল সরকার (২৪) ও দীপন সূত্রধর (২০) নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর গ্রামে এলেমান মিয়ার (৩৮) গোয়ালঘরে অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়। সেখান থেকে এলেমান মিয়া ও স্বপন সরকার (২৩) নামের আরও দুজনকে আটক করা হয়।
গরুর মালিকের অভিযোগ, আটক চারজন পরস্পরের যোগসাজশে গরু দুটি চুরি করেছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
