• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম


পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যু, রায় আজ

আপডেট টাইম: October 29, 2026 3:02 pm



ডেস্ক রিপোর্ট: 

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। ঘটনার প্রায় ছয় বছর পর আলোচিত এ মামলার রায় ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ ছয় আসামির মধ্যে পাঁচজনই পলাতক। অপর আসামি কারাগারে রয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করবেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। পরে তদন্তে রায়হানকে নির্যাতনের প্রমাণ পাওয়ার কথা জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার পর বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে কনস্টেবল হারুনুর রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। ঘটনার প্রায় এক মাস পর ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি আকবরকে আটক করা হয়।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এতে ছয়জনকে আসামি করা হয়। তাঁরা হলেন এসআই আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়।

মামলার সর্বশেষ আলোচিত ঘটনা হলো, প্রধান আসামি আকবর গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান। ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁর জামিন স্থগিত করা হয়। তবে নিম্ন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি আত্মসমর্পণ করেননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। রায়ে আদালত কী সিদ্ধান্ত দেন, তা জানার অপেক্ষায় রয়েছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।