• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ এএম


আইফোনের জন্য বন্ধুকে খুনের অভিযোগ, পাঁচ দিন পর খালে মিলল মরদেহ

আপডেট টাইম: October 28, 2026 12:24 pm



নিউজ ডেস্ক:

একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধ। এর জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর হবিগঞ্জের লাখাই উপজেলার একটি খাল থেকে তারেক মিয়া (২২) নামের ওই তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু সাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আটটার দিকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি খাল থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে সাদেককে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার মারফত উল্লাহর ছেলে। গ্রেপ্তার সাদেক একই এলাকার নানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাজের উদ্দেশ্যে তারেক ও সাদেক লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকায় যান। সেখানে তারেকের কাছে থাকা একটি আইফোন নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে সাদেক জানিয়েছেন, আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে তিনি তারেককে গলা কেটে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন।

তারেক নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সাদেককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকার খাল থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইফোন নেওয়ার উদ্দেশ্যে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন সাদেক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।