

ডেস্ক রিপোর্ট:
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবেও যুক্ত রয়েছেন।
এছাড়াও তিনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, এশিয়ান টেলিভিশন দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ নাম। এই চ্যানেলের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণে তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে মিলিতভাবে কাজ করবেন।
মিডিয়া অঙ্গনে তার অভিজ্ঞ নেতৃত্বে এশিয়ান টেলিভিশন নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
