• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম


ওসমানীনগরে ছয় লেন প্রকল্পে প্রশ্নবিদ্ধ উচ্ছেদ: মানববন্ধনে ব্যবসায়ী ও এলাকাবাসী

আপডেট টাইম: December 17, 2025 1:34 pm



ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের আওতায় ওসমানীনগরের খছরুপুর-শেরপুর নতুন বাজার এলাকায় জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরপুর-খছরুপুর নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বাজারের দোকান মালিক, ব্যবসায়ী-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে বাজার এলাকায় ব্যবসা পরিচালনা করে আসলেও ছয় লেন প্রকল্প বাস্তবায়নের নামে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে, অথচ দোকান মালিক ও ব্যবসায়ী-কর্মচারীদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ এখনো পরিশোধ করা হয়নি। এতে শত শত পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এবং তাদের দৈনন্দিন জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রকল্পের নির্মাণ কাজের কারণে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের প্রধান সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প কোনো রাস্তা চালু না করায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন।

নিরাপত্তা ইস্যুতে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জনবহুল বাজার এলাকার ভেতর মানুষের নিরাপত্তা নিশ্চিত না করেই ভারী নির্মাণ কাজ চালানো হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহ্ এহিয়া, সৈয়দ হুমায়ূন বখত, সৈয়দ সামিম মুনিম, সৈয়দ হুমায়েল আহমদ, আব্দুল হাসিম, নিজাম উদ্দিন সিদ্দিকী, শাহ্ এনায়েত আলী, সৈয়দ আরিফ রব্বানী, সৈয়দ আলী হোসেন, মো. ফয়েজ আহমেদ, মো. তোফায়েল আহমেদ, মো. আশরাফ উদ্দিন অপু, সৈয়দ রহমানী, মো. জুবেদ হোসেন, আবুল কালাম, মো. মুকিদ মিয়া, আমজাদ হোসেন, মো. কয়েছ আহমদ, মো. মানিক আহমদ, মো. বুলবুল আহমেদ ও মো. শফি মিয়াসহ আরও অনেকে।

বক্তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধ, জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা চালু এবং নিরাপত্তা নিশ্চিত করে নির্মাণ কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে মানববন্ধন চলাকালে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এএসপি) আবু মুসা শেখ এর নেতৃত্বে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।