• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম


ওসমানীনগরের বাস দুর্ঘটনা: ৯ মৃত্যু, এবার কারণ খুঁজবে ৫ সদস্যের তদন্ত কমিটি

আপডেট টাইম: August 8, 2026 9:53 pm



মোঃ ফাহাদ আহমদ:

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নয়জনের প্রাণহানির ঘটনায় এবার দুর্ঘটনার পেছনের কারণ খুঁজতে তদন্তে নেমেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে গঠিত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কমিটি দুর্ঘটনার আগে দুই বাসের গতিবিধি, চালকদের দায়িত্ব ও সম্ভাব্য ত্রুটি, সড়কের অবস্থা, যানবাহনের ফিটনেসসহ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রকৃত কারণ চিহ্নিত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও উঠে আসতে পারে।

গত শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী ও শিশুসহ মোট নয়জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

নিহতদের মধ্যে ছিলেন তিন বছরের শিশু ফাইজা, ১৭ বছর বয়সী উদীয়মান বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ বিভিন্ন জেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হবে। হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্বজন হারানোর শোকের পাশাপাশি এখন সামনে এসেছে আরেকটি প্রশ্ন- কী কারণে মাত্র কয়েক সেকেন্ডের একটি সংঘর্ষে নয়টি প্রাণ ঝরে গেল? তদন্ত কমিটির প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর কতটা উঠে আসে, আর ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।