• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম


ডেভিল হান্ট ফেইজ–২ অভিযানে শেরপুর ফাঁড়ি পুলিশের তৎপরতা: দুই ছাত্রলীগ কর্মী আটক

আপডেট টাইম: December 19, 2025 4:06 pm




মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ফাঁড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেইজ- ২ এর অংশ হিসেবে পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী বাবলু মিয়া (৩২)। তিনি মতিন মিয়ার ছেলে। অপরজন কক্সবাজার জেলার কুতুবদীয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম (২৭)। তার পিতা মৃত শফিক। নুরুল আলমের স্থায়ী ঠিকানা কক্সবাজারের কুতুবদীয়া উপজেলার দক্ষিণ দুরুম বাজার হলেও বর্তমানে তিনি শেরপুর এলাকায় একটি বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, “ডেভিল হান্ট ফেইজ–২ অভিযানের আওতায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”