• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম


ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী বাস সংঘর্ষ, নিহত ২; গুরুতর আহত অন্তত ১০

আপডেট টাইম: January 17, 2026 12:38 pm



ওসমানীনগর (সিলেট):

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (সকাল) আনুমানিক ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।