• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম


তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও অপরাধ সভা, সড়ক শৃঙ্খলায় কড়াকড়ি নির্দেশ ডিআইজির

আপডেট টাইম: January 3, 2026 4:27 pm



মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ডিসেম্বর ২০২৫ মাসের কল্যাণ ও অপরাধ সভা তামাবিল হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি তামাবিল হাইওয়ে থানায় পৌঁছালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ থানার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে থানার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কল্যাণ ও অপরাধ সভায় তিনি অংশ নেন।

পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসেম্বর মাসে সড়ক নিরাপত্তা কার্যক্রম, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং হাইওয়ে পুলিশের সদস্যদের কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, দেশের সড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও বাড়বে। তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সিলেট জেলার আওতাধীন বিভিন্ন হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।