• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম


দীর্ঘ শ্রমের স্বীকৃতি: জুড়ীর রত্না চা বাগানে অবসরপ্রাপ্ত শ্রমিকদের সম্মাননা

আপডেট টাইম: January 13, 2026 3:40 pm



জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: চায়ের সুবাসে মোড়ানো দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী রত্না চা বাগানে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রত্না চা বাগান মণ্ডপে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্না চা বাগানের সভাপতি সুমন ঘোষ। শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভ্যালির সাধারণ সম্পাদক রতন পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রত্না চা বাগানের সাবেক সহ-সম্পাদিকা অনিমা রুদ্র পাল, সাধারণ সম্পাদক পরিমল বোনার্জি, আকুল বোনার্জি, আরজান আলী, অরজুন পানিকা, মো. খলিলুর রহমান এবং কোষাধ্যক্ষ রমেশ রিকিয়াশনসহ বাগানের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রত্না চা বাগানের প্রতিটি সবুজ পাতার পেছনে রয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ইতিহাস। চা শিল্পের অগ্রযাত্রায় তাঁদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়। তাঁরা অবসরপ্রাপ্ত শ্রমিকদের সুস্বাস্থ্য, মর্যাদাপূর্ণ ও শান্তিময় ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানের শেষপর্বে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাঁদের হাতে সম্মাননা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

এই বিদায়ী সংবর্ধনা রত্না চা বাগানের মানবিক ও ঐতিহ্যবাহী সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত অতিথি ও শ্রমিকরা।