

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নবীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদ সঞ্চালনা করেন। সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির ছয় সদস্যের মধ্যে ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক উপকারভোগীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
