

স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় জেনারেল আতাউল গনী ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে নামাজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান চানু এবং সঞ্চালনায় ছিলেন নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি মো. আব্দুল বাছিত। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সমবায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ এম মোজাহিদ আহমেদ, নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুল, নবীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুর রহমান সুহেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদুল ইসলাম নানু, ডাক্তার নাজমুল হক চৌধুরী পলাশ, নবীগঞ্জ উপজেলা জাসাস দলের সহ-সভাপতি রাসেল মিয়া, সদস্য সচিব জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবীর ওসমানীর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, “ওসমানী সাহেব শুধু একজন সামরিক নেতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস।”
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মশাহিদ আহমদ কামালী সুনামগঞ্জী।
বঙ্গবীর ওসমানী: এক কিংবদন্তির জীবন: ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর জালালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আতাউল গনী ওসমানী। ১৯৪১ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি সামরিক জীবনের যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন এবং জাতির স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য “বঙ্গবীর” উপাধিতে ভূষিত হন।
১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে স্মৃতি সংসদ ও সামাজিক সংগঠনগুলোও দিবসটি নানা আয়োজনে পালন করেছে।
