• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম


নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ১

আপডেট টাইম: August 10, 2026 10:49 am



মোঃ ফাহাদ আহমদ: 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত মাওলানা মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে। তিনি দুর্ঘটনার সময় ঢাকামুখী পিকআপটিতে ছিলেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপে থাকা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। পিকআপের চালক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাস দুটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।