• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


নবীগঞ্জে ৩৯টি গরুসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট টাইম: October 2, 2024 3:36 pm




নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ঐ ডাকাত সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত ১লা অক্টোবর রাতে কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী মোঃ এনায়েতুল ওরফে এনাতুল বেপারী (৩৮) সিলেট থেকে ট্রাক গাড়িযোগে গরু নিয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় দুর্ধুর্ষ এক ডাকাতির ঘটনার কবলে পড়েন।

এ সময় দুর্ধুর্ষ অজ্ঞাতনামা প্রায় ১২ থেকে ১৩ জন ডাকাত চক্রের সদস্যগণ ঐ ট্রাক গাড়িটিকে জিম্মি করে বিভিন্ন রঙের ১৬ লাখ ৫ হাজার ৫শত টাকার ৩৯টি গরু, আনুমানিক ২৬ লাখ টাকার একটি ট্রাক গাড়ি, প্রায় ১৮ হাজার টাকার মূল্যের ৫টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক ঐ ঘটনায় মোঃ এনায়েতুল ওরফে এনাতুল বেপারী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ছবি: গ্রেফতার হওয়া ৪ ডাকাত সদস্য ও গরু।

পরে ঐ দুর্ধুর্ষ ডাকাতির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের ব্রাহ্মনগ্রাম এলাকার মৃত আজমান আলীর পুত্র মোঃ সৈয়দুর রহমান (৩০), ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র সামসুদ্দিন (২৯), নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের নুরুল মিয়ার পুত্র উজ্জল হোসেন (২১) ও একই গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র রেফু মিয়া (২৪)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মোঃ এনায়েতুল ওরফে এনাতুল বেপারীর বিভিন্ন রঙের ৩৯টি গরু, একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর ৫টি মোবাইলফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ী জব্দ করে।

এ ব্যাপারে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা পুলিশকে ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। ইতোমধ্যে পুলিশ যথাযত প্রক্রিয়া গ্রহণ করে তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।