• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম


পেশার টানে বদলি, ভালোবাসায় বাঁধা সম্পর্ক: শেরপুর হাইওয়ে থানায় অনন্য বিদায় আয়োজন

আপডেট টাইম: November 14, 2025 12:04 am




হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের শেরপুর হাইওয়ে থানা পুলিশের দুই চৌকস সদস্য এসআই সৈয়দ ইমরুল সাহেদ ও নায়েক অরুপ সরকার-এর চাকুরি জনিত বদলিকে কেন্দ্র করে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় থানার অফিসার ও ফোর্সদের উদ্যোগে থানা ভবনের মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার এবং সঞ্চালনা করেন সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা এসআই সৈয়দ ইমরুল সাহেদ বলেন- সাতগাঁও হাইওয়ে থানায় বদলি হয়েছি। তবে, শেরপুর হাইওয়ে থানায় কর্মরত থেকে আমি শুধু দায়িত্বই পালন করিনি, বরং একটি পরিবারের সদস্য হিসেবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এই থানার প্রতিটি সদস্য আমার কাছে একেকজন সহকর্মীর চেয়ে বেশি- একটি মমতার সম্পর্কের প্রতিচ্ছবি। বদলিজনিত কারণে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু শেরপুরের মানুষের আন্তরিকতা ও সহকর্মীদের বন্ধুত্ব আমার হৃদয়ে চির অমলিন হয়ে থাকবে। যেখানে থাকি, শেরপুর হাইওয়ে থানার সুনাম অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওসি আব্দুর রশিদ সরকার বলেন- এসআই ইমরুল সাহেদ ও নায়েক অরুপ সরকার দুজনেই অত্যন্ত দায়িত্বশীল, সৎ ও পেশাদার পুলিশ সদস্য ছিলেন। তাদের কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণ থানার সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বিদায় মানেই বিচ্ছেদ নয়, এটি নতুন দায়িত্বে নতুন শপথের সূচনা। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এসময় অনুষ্ঠানে থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের উপহার প্রদান করেন।

এদিকে, বিদায়ী এসআই সৈয়দ ইমরুল সাহেদের স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত অফিসার এসআই মোঃ তারিকুজ্জামান, এবং একই থানায় নতুনভাবে যোগদান করেছেন এএসআই মোঃ মহিউদ্দিন।