

ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সর্বস্তরের তাওহীদি জনতা শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনারও দাবি জানান।
