• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা

আপডেট টাইম: January 2, 2026 10:26 am




মালয়েশিয়ায় বিশাল অডিও লঞ্চ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি ‘জননায়গন’ নতুন করে আলোচনায়। মুক্তির এখনও এক সপ্তাহ বাকি, নেই কোনো অফিসিয়াল ট্রেলার—তবু টিকিট কাউন্টারে ছবিটি ইতিমধ্যেই অভাবনীয় সাড়া ফেলেছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি প্রায় ১৫ কোটি রুপি আয় করে ফেলেছে। বিশেষ করে বিদেশের বাজারে ‘জননায়গন’ নিয়ে দেখা যাচ্ছে বিপুল আগ্রহ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তির কারণে এই অঞ্চলগুলো থেকে বড় অঙ্কের আয় এসেছে।

অন্যদিকে, ভারতে এখন পর্যন্ত অগ্রিম বিক্রি তুলনামূলকভাবে কম—মাত্র ৩ কোটি রুপি। তবে ট্রেড বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিষয়টি উদ্বেগের নয়। কারণ বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালায় টিকিট বুকিং চালু রয়েছে। তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে বলেই আশা করা হচ্ছে। এই অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের বক্স অফিস আয়ে বড় ভূমিকা রাখে।

বিভিন্ন কারণেই সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে রয়েছে ‘জননায়গন’। সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ ছবি। পাশাপাশি, ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত তেলুগু হিট ছবি ‘ভগবন্ত কেশরী’–র রিমেক কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।

এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বলেন,
“অডিও লঞ্চে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। গল্পটি রিমেক হোক, কিছু দৃশ্য অনুপ্রাণিত হোক বা একটি দৃশ্য থেকেও ধারণা নেওয়া হোক—দর্শকদের এ নিয়ে ভাবার দরকার নেই।”

তিনি আরও যোগ করেন,
“এটি একটি থালাপতি বিজয় ছবি। কেউ ভাবতে পারেন, ‘আমি তো আসল ছবিটি দেখেছি, তাহলে এটা কেন দেখব?’ আবার কেউ বিরক্তও হতে পারেন। তাঁদের বলব, অন্তত একটি শো দেখুন। তখনই নিজের উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—সব আরও পরিষ্কার হবে।”

সব মিলিয়ে, মুক্তির আগেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘জননায়গন’। এখন দেখার বিষয়, মুক্তির পর বিজয়ের এই শেষ ছবিটি ঠিক কতটা বড় ঝড় তুলতে পারে।