

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বাউরবাগ এলাকার একটি কবরস্থানে ৬-৭ জনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে ডাকাতরা গুলি ছোঁড়ে। এতে তাদের সহযোগী সৈয়দ শামসুর রহমান আতিক গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আতিককে আটক করে তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার পর সদর মডেল থানা পুলিশ তদন্তে নেমে আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেটের সিলাম ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেল মিয়া ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাইকে গ্রেফতার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই দিন ভোরে কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার একটি কলা বাগান থেকে আরও একটি দেশীয় পাইপগান ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইটি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
