

মৌলভীবাজার প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন- এমন মত উঠে এসেছে মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক উন্মুক্ত মতবিনিময় সভায়।
সোমবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘Exchange of Views on Law Enforcement & Drug Control’ শীর্ষক এ সভায় জেলার সাতটি উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ছাত্রছাত্রী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।
এ ছাড়া অনুষ্ঠানে সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার আশ্বাস দেন আয়োজকেরা।
