• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম


মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে ১৬ লাখ ভোটার, মাঠে নামছে সেনা-পুলিশ-র‍্যাব

আপডেট টাইম: February 10, 2026 9:46 pm




মোঃ ফাহাদ আহমদ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ভোটগ্রহণকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ভোটের দিন জেলার ৫৫৪টি কেন্দ্রে ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, আনসার-ভিডিপি, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার সব ভোটকেন্দ্রকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে শ্রেণিবিন্যাস করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। ভোট গ্রহণ হবে ৫৫৪টি কেন্দ্রে, যেখানে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ১০৫টি।

নির্বাচনের দিন মাঠে থাকবেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় ১৫টি বিজিবি স্ট্রাইকিং টিম, ১৫টি আনসার ব্যাটালিয়ন টিম, পুলিশের ৫৩টি মোবাইল টিম ও ১৪টি স্ট্রাইকিং টিম, র‍্যাবের ৮টি এবং সেনাবাহিনীর ২১টি স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। ভোটকেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৩৬ জন ভোটার। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত ব্যালটের সংখ্যা ১৪ হাজার ৬৪৭টি।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে ঘিরে গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। যে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

নির্বাচন পর্যবেক্ষণ ও জরুরি সমন্বয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৭৮৯৭৩৯০৩২ এবং টেলিফোন নম্বর ০২৪১১১০১০০।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ভোটারদের উদ্দেশে বলেন, ‘সবাই যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত। প্রার্থী, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

এসময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের পাস কার্ড বিতরণ করা হয়।