

সংস্কার কাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতু ১০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এতে সেতু বন্ধের জন্য যাতায়াত করতে বিকল্প সড়ক ব্যবহার করতে আহ্বান জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন- মৌলভীবাজার সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ।
সওজ জানায়, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।
প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক (এন-২)-এর ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করা হবে। এই সময় সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে।
এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালীন ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।
