• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম


শেরপুরে ছাত্রদলের মিছিল-সমাবেশ

আপডেট টাইম: June 24, 2026 7:12 pm



নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য ও দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের শেরপুর বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ১নং খলিলপুর ইউনিয়ন ছাত্রদল।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদের নেতৃত্বে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাজন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা চায়। দেশের বিরুদ্ধে যেকোনো নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কখনো সফল হবে না। আমরা রাজনীতিতে সহিংসতার নয়, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে আছি। দেশ ও জনগণের স্বার্থে সকল অপশক্তির বিরুদ্ধে ছাত্রদল সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা মুদরত আহমেদ (মহন), জেলা ছাত্রদল নেতা সুক্তার আহমেদ সাগর, ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ (জয়), মোজাপ্পর, হাবিব, জুবায়ের, রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।