• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৬ এএম


শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ঝড়ে ভেঙে পড়ল

আপডেট টাইম: June 17, 2026 1:33 pm



শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জুন:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানের উপকারভোগীদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল প্রধানমন্ত্রীর আগমনের আগেই হঠাৎ দমকা বাতাসে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্ডেলের নিচে উপকারভোগী ও অতিথিরা অবস্থান করছিলেন। হঠাৎ বাতাসের তীব্রতায় প্যান্ডেলের একটি অংশ ধসে পড়লে উপস্থিত লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এতে সাময়িক আতঙ্কের সৃষ্টি হলেও কেউ আহত হননি।

আয়োজক সূত্রে জানা গেছে, প্যান্ডেলটি ভেঙে পড়লেও অনুষ্ঠানের মূল মঞ্চ অক্ষত রয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রধানমন্ত্রীর আগমনের আগেই ক্ষতিগ্রস্ত প্যান্ডেল অপসারণ করা হয় এবং নতুনভাবে চেয়ার বসিয়ে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়।

এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনার প্রস্তুতি চলছে।