

নিজস্ব প্রতিবেদক:
পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি, তথ্যের উৎস যাচাই, সাংবাদিকতার নৈতিকতা ও আধুনিক নিউজরুমের সম্পাদকীয় নীতিমালা নিয়ে মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এ কর্মশালার আয়োজন করে।
শনিবার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকতায় আগ্রহী তরুণেরা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে জনস্বার্থমূলক সাংবাদিকতা, সংবাদের কাঠামো, তথ্য যাচাই, সম্পাদকীয় স্বাধীনতা এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আন্তর্জাতিক সম্প্রচার ও প্রিন্ট মিডিয়ায় দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির কৌশল, তথ্যের নির্ভরযোগ্য উৎস যাচাই এবং আধুনিক নিউজরুমের সম্পাদকীয় নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক ধারণা দেন।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনস্বার্থ রক্ষা ও উন্নয়নে প্রশিক্ষিত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
সিএমএফ সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান এবং যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি দৈনিক ‘দ্য ড্যাজলিং ডন’-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমদ চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন সিএমএফের সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন ও সাবেক সহসভাপতি আশরাফ আলী। বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সিএমএফের দপ্তর সম্পাদক শুভ গোয়ালার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো বিদেশি দাতা সংস্থার আর্থিক সহায়তা ছাড়াই সংগঠনটির নিজস্ব অর্থায়নে এ নিয়ে ষষ্ঠবারের মতো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।
