

ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে নতুন করে পুশইনের ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিদের আটক করার পর একই রাতেই অন্য একটি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে।
জানা যায়, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে তৎপরতা শুরু করে।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় ওই ১০ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় ও পরিস্থিতি পর্যালোচনা করে রাতে অন্য একটি সীমান্তপথ ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় কিছু ব্যক্তি পুশইন কার্যক্রমে বিএসএফকে সহযোগিতা করছে- এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
সীমান্ত এলাকায় একের পর এক পুশইনের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, মানবিক সংকট এবং অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
