• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম


হাকালুকি হাওর সুরক্ষায় মৌলভীবাজারে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মশালা

আপডেট টাইম: December 2, 2025 2:15 pm




টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অংশীজন কর্মশালা মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে জেলা প্রশাসন মৌলভীবাজার ও সহযোগিতা করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় জেলা প্রসাশক তৌহিদুজ্জামান পাভেল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ মাহে আলম।

ওই প্রতিষ্ঠানের পরিচালক ফায়জুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক রোকনুল হাসান। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বক্তব্য দেন কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন, জুড়ীর সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, সহকারি অধ্যাপক মোশারফ হোসেন, পরিবেশ কর্মী আসম সালেহ সোহেল,

দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মো. মহসিন, হাকালুকি হাওর পাড়ের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সংবাদকর্মী বকশী ইকবাল আহমদ, আবু তাহের, হোসাইন আহমদ, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী ইফা বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন হাওরের গভীরতা দিন দিন কমে যাচ্ছে। কুশিয়ারার পানির লেভেল হাকালুকির লেভেলের উপরে হওয়ায় এবং ফেঞ্চুগঞ্জের নিকটে বুড়িকিয়ারি বাঁধ নির্মাণ করার ফলে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে হাওরের নদ-নদীগুলো খনন করা সময়ের দাবী। একই সাথে হাকালুকিসহ বিভিন্ন হাওরের জীব-বৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে অবশ্যই সচেতন হতে হবে।