• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ এএম


৭২২ ভোটারের রায় পেতে শেরপুরে পরিবহন শ্রমিকদের নির্বাচনী লড়াই

আপডেট টাইম: October 29, 2026 5:53 pm




মোঃ ফাহাদ আহমদ:

মৌলভীবাজারের শেরপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ইউনিট পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সভাপতি, সহসভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের মন জয়ে চালাচ্ছেন শেষ মুহূর্তের চেষ্টা। আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক এ নির্বাচন। এতে ৭২২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৩৫৯) অন্তর্ভুক্ত শেরপুর ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির এ নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, কুশল বিনিময় ও নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। আনারস প্রতীকে মো. আছাদ মিয়া এবং ছাতা প্রতীকে মো. শাহ আলম। সহসভাপতি পদে ঘোড়া প্রতীকে মো. আব্দুর রব এবং বাস প্রতীকে মো. আলী হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। মই প্রতীকে মো. আলী হোসেন, মোরগ প্রতীকে মো. ইমাদ উদ্দিন এবং মোটরসাইকেল প্রতীকে মো. সেলিম আহমদ। সহসম্পাদক পদে আম প্রতীকে মো. সাইফুর রহমান রাজু এবং হরিণ প্রতীকে মো. সুহেল আহমদ প্রার্থী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে হাতি প্রতীকে সালেহ আহমদ ও বাঘ প্রতীকে বাবলু মিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ ছাড়া প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ আরও তিন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবুল হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।

নির্বাচনের সদস্যসচিব আব্দুল হামিদ পিলু বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।